• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৪
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৪

বিএনপি কোনও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি: রিজভী

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপি কোনও পাতানো বা মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।

রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষের কল্যাণ আর সুরক্ষার জন্য কাজ করছে বিএনপি। দেশকে যারা ঔপনিবেশিক করতে চায়, ওলামা দল ও বিএনপি একযোগে তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই উপদেষ্টা।

তিনি বলেন, জাতিসংঘে ফিলিস্তিন পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি তুলে সারা বিশ্বের মানুষের মনে প্রতিধ্বনি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করছে। এ দেশে স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী কারও কোনও স্থান নেই।