• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮

যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। এসব প্রতিষ্ঠানকে একটি যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবসহ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিক্যাল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে, তার সঠিক ও সার্বিক কোনও পরিকল্পনা ছিল না। বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে, একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন ডাক্তার নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যন্ত্রপাতি ক্রয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি চিকিৎসকবৃন্দকে গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার অনুরোধ করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসন আমলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মী ও তার নিজের চিকিৎসায় আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সাক্ষাৎকালে বর্তমানে দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করে ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।