শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডিএমপির কর্মকর্তা তোফায়েল আহমেদ মিয়া বলেন, কেন তিনি এমন বক্তব্য দিয়েছেন, তা পাটওয়ারীকেই জিজ্ঞাসা করতে হবে। তার মতে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে তিনি ওই কথা কেন বলেছেন—এ প্রশ্ন থেকেই যায়।
প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ মুহূর্তে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাই সিদ্ধান্ত বা বক্তব্য দিতে পারবেন।
এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তারা তিনটি দাবিতে রাজপথে অবস্থান করছেন। দাবিগুলো হলো—বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার।
সরকার এসব দাবি মেনে না নেওয়ায় তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়ন করা হলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না।

