• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফ্যামিলি কার্ডের জন্য কারও কাছে যেতে হবে না: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২

ফ্যামিলি কার্ডের জন্য কারও কাছে যেতে হবে না: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত

ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কারও কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান দেওয়া যাবে না। এ বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।চিকিৎসাসেবার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বেকারত্ব নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।’

এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় শালখুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. মো. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সদস্য মো. আবু তাহের ক্বারী, জেলা বিএনপির উপদেষ্টা মো. নজরুল ইসলাম ফতেহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী তিখুর মাঠের পশ্চিম পাশে নিজ হাতে দুটি গাছের চারা রোপণ করেন।