শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) চালু আছে, চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। প্রত্যেক খুনির বিচার করা হবে, ইনশাআল্লাহ।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ ঢাকা-৬ আসনের (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতয়ালী ওয়ার্ড) উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে ও মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে। গত ১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তি এবং বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে জড়িতদেরও বিচারের আওতায় আনার কথা বলেন তিনি। বিগত সরকার গণতন্ত্রকে ‘সিস্টেমেটিক্যালি হত্যা করেছে’ দাবি করে সালাহউদ্দিন বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুম মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। সরকার শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো জবাব পাওয়া যায়নি। দেশে তাদের বিচার হয়েছে এবং আপিলের সুযোগ চাইলে তা দেওয়া হবে বলেও জানান তিনি। বিরোধী দলের লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বয়স মাত্র সাত মাস; এত অল্প সময়ে কী এমন ব্যর্থতা হয়েছে, তা জনগণকে ভাবতে হবে।
বিএনপি দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র সুসংহত করা ও সাংবিধানিক পরিবর্তন চায় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান ঠেকাতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা কমানো হবে। গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

