• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৯
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি নেওয়া হয়েছে: সিইসি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। ভোটে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।’

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনেও একইভাবে মনিটরিং সেল কাজ করবে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।

সিইসি আরও বলেন, ‘নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।’ ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যদেরও মাঠে রাখা হবে।

তফসিল অনুযায়ী, রবিবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সেগুলো বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।