শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপির কোনো প্রকৃত কর্মী চাঁদাবাজি, দখলদারি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত হতে পারে না। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা শহিদ জিয়ার সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি এবং যারা তারেক রহমানের সঙ্গে কাজ করছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি নিজেদের স্বার্থের জন্য আমরা কখনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত নই।’
তিনি বলেন, বিএনপির কোনো কর্মী অপরাধী হলে তাকে ছাড় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
বিএনপির এই নেতা বলেন, যে সত্যিকারের জিয়ার কর্মী, দেশের কর্মী, তারেক রহমানের কর্মী, সে অপরাধী হতে পারে না। সে সন্ত্রাসী হতে পারে না।
শ্রমজীবী মানুষের ভূমিকার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, আমি নিজেও একজন শ্রমিক এবং দেশের শ্রমিক আন্দোলনের একজন কর্মী। কঠোর পরিশ্রম করে হালাল উপার্জন করা শ্রমজীবী মানুষ কারও কাছে হাত পাতেন না।
তিনি বলেন, দেশের মানুষের ব্যবহার করা যন্ত্রপাতি, পোশাক, লেখার কলম-কাগজ থেকে শুরু করে মানুষের বসবাসের ঘরবাড়ি ও চলাচলের রাস্তা সবকিছুর পেছনেই শ্রমজীবী মানুষের শ্রম রয়েছে। তাই দেশের উৎপাদন ও উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে শিল্পমালিক, শ্রমিক, কর্মস্থল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই একটি অপশক্তি দলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দায়িত্ব পালনের পর্যাপ্ত সময় না দিয়েই বিচার করার চেষ্টা করা হচ্ছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের তুলনায় এখনো অল্প সময় অতিবাহিত হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশকে পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের ওপর আস্থা রেখে এবং আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে শ্রমজীবী মানুষকে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে আরও বক্তব্য দেন- শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

