বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্যারিস ফ্যাশন উইকে গতকাল ২৮ সেপ্টেম্বর অংশ নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অনবদ্য সাজে রানওয়েতে উপস্থিত হয়ে মুগ্ধ করেন এই বলিউড অভিনেত্রী। ‘হাম দিল দে চুকে সনম’খ্যাত ঐশ্বরিয়া সম্পূর্ণ কালো ক্যুচার পোশাকে ল’রিয়াল প্যারিসের ‘লে ডেফিলে’ শোর সমাপ্তি টানেন।
‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ শিরোনামের এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয় প্লেস জফ্রে-তে। পটভূমিতে ছিল আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ার।
অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে রানওয়েতে অংশ নেন বিশ্বের আরও বেশ কয়েকজন খ্যাতনামা তারকা।
ঐশ্বরিয়ার বিশেষ পোশাকটি তৈরি করেছে সিরীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইয়ারা শুমাকার। তার পুরো লুকটি স্টাইল করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই।
ফ্যাশন অনুরাগী ডায়েট সাবিয়া ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইল্যুশন গাউন, কেপ, লাল চুল, লাল ঠোঁট, কোমর আঁটসাঁট এবং একচুলও না নড়া ভঙ্গি- বাহ! ১৯৯৪ সালের এক রাতেই ডিভা হওয়ার পুরো ফর্মুলাটি নিখুঁত হয়েছিল, আর তিনি এখনও সেটাই ধরে রেখেছেন। মানতেই হবে, তিনি এক কথায় অসাধারণ।’
ঐশ্বরিয়া পরেছিলেন ৩ডি ফ্রিঞ্জ এমব্রয়ডারি করা দুই-পিস কালো ভেলভেট গাউন। এর সঙ্গে ছিল ইয়ারা শুমাকারের ফল/উইন্টার ২০২৬-২৭ ক্যুচার কালেকশনের ক্রিস্টাল-খচিত ভেলভেট কেপ।
গাউনটিতে ছিল গভীর নেকলাইন, শরীরঘেঁষা গড়ন এবং কোমরের কাছে আঁটসাঁট নকশা। এর নিচের অংশ মেঝে পর্যন্ত বিস্তৃত হওয়ায় পুরো সাজে যোগ হয় নাটকীয়তা।
ভেলভেটের কেপটিও ছিল নজরকাড়া; এর কিনারাজুড়ে ছিল মুক্তা ও ক্রিস্টালের কারুকাজ।
গয়নার ক্ষেত্রে ঐশ্বরিয়া বেছে নেন হীরাখচিত টিয়ারা ও হীরার আংটি। সঙ্গে ছিল পাম্প জুতো, যা তার রাজকীয় রানওয়ে লুকটি সম্পূর্ণ করে।
তবে সবকিছুর মধ্যে ঐশ্বরিয়ার নতুন চুলের রংই সবচেয়ে বেশি নজর কেড়েছে। প্যারিসে এই উপস্থিতির জন্য তিনি উজ্জ্বল লাল চুলে আত্মপ্রকাশ করেন। একপাশে সিঁথি করে হালকা ঢেউ খেলানো চুলে তাকে দেখা যায় একেবারেই ভিন্ন অবতারে।
মেকআপে ছিল উইংড আইলাইনার ও গাঢ় লাল লিপস্টিক। সঙ্গে গালে হালকা ব্লাশ, ফেদারড ব্রো এবং সফট কনট্যুরিং তার সাজে যোগ করে পরিমিত গ্ল্যামার।
ল’রিয়াল প্যারিসের নবম সংস্করণের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও তারকারা অংশ নেন।
ঐশ্বরিয়ার সঙ্গে রানওয়েতে ছিলেন সিমোন অ্যাশলি, মারি বোশে, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, বেবে ভিও গ্রান্ডিস, লুমা গ্রোথে, কেন্ডাল জেনার, আজা নাওমি কিং, ইভা লঙ্গোরিয়া এবং অ্যান্ডি ম্যাকডোয়েল। সূত্র: এনডিটিভি













