• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হয়রানির উদ্দেশ্যেই ভিপি নুরের বিরুদ্ধে পরোয়ানা : গণঅধিকার পরিষদ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ১০:১৬
আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ১০:১৬

7385B3B0 4CA3 4460 AD3B 8D95893FF5FD

হয়রানির উদ্দেশ্যেই ভিপি নুরের বিরুদ্ধে পরোয়ানা : গণঅধিকার পরিষদ

সিনিয়র করেসপন্ডেন্ট

গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ভিন্নমত দমন, সরকারবিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি এবং হয়রানির উদ্দেশ্যেই ভিত্তিহীন মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি দাবি করেন- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ দেশের মানুষের কাছে এক সংগ্রামী চরিত্রের নাম। হামলা-মামলা করে অতীতেও তার মনোবল ভাঙা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও তার মনোবল দুর্বল করা যাবে না।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান। নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক বলেন, ঈদ ও নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের ফ্যাসিস্ট আচরণ শুরু হয়েছে। ২০২২ সালে ছাত্রলীগের এক নেতার করা ভিত্তিহীন একটি মামলায় চট্টগ্রামের আদালত গতকাল (সোমবার) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রাশেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও ২০২২ সালে নুরুল হক নুরের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার।

তিনি বলেন, একতরফা, ডামি করতে নির্বাচনের পূর্বে বিরোধীদের গণগ্রেপ্তার, রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সরল স্বীকারোক্তিই প্রমাণ করে- অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। বিচারব্যবস্থাও কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নোবেলজয়ী ড. ইউনূসও যার ভুক্তভোগী।

রাশেদ খান বলেন, দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সরকারি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট ও অর্থপাচারে জিনিসপত্রের অস্বাভাবিক দামবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট; অন্যদিকে দেশের অভ্যন্তরে কেএনএফের মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা, ভারতকে ট্রানজিট, এমনকি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ঢাকায় ঈদের পূর্বে ইসরায়েলের বিশেষ বিমানের অবতরণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জনগণের ন্যায় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন। সরকার গণঅধিকার পরিষদের এই আপসহীন কণ্ঠ থামিয়ে দিতেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধারে বিরোধী দলসমূহের সঙ্গে গণঅধিকার পরিষদের আপসহীন যুগপৎ আন্দোলন চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com