জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে আজ সাড়ে তিনটার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে আয়োজন হবে বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রার।
বুধবার (১ মে) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়।
ইতিমধ্যে গরম উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা। বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে উঠছে।
এদিকে ৫টি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এছাড়াও বক্তব্য রাখবেন জাতীয়, শ্রমিক ও অঙ্গ সংগঠন নেতৃরা।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।












