• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১:৪৩
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১:৪৩

BNP 4

নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নির্বাচনের কয়েক মাস পরেই সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকার পরিকল্পনা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে ২৮ অক্টোবরের প্রায় ৭ মাস পর নয়াপল্টনে দুটি বড় সমাবেশ করেছে দলটি। সহযোগী সংগঠনের ব্যানারে আরও কয়েকটি সমাবেশের আয়োজন করার কথা রয়েছে দলটির। পরিকল্পনার অংশ হিসেবে মিত্র দলগুলোর সঙ্গেও ধারাবাহিক আলোচনা শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। গত রবিবার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এলডিপি ও ১২ দলীয় জোটের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক হয়েছে। গতকালও সমমাননা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি। আজ বিকেলে গণধিকার পার্টি (ভিপি নূরের) সঙ্গে বৈঠকের পরে লেবার পার্টি এবং জাতীয় জোটের সঙ্গেও বৈঠক করবে দলটি। বৈঠকগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী কয়েক দিনে বাকি দলগুলোর সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।

সূত্রমতে, জাতীয় নির্বাচনের পর ফের সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই ধারাবাহিকতা বজায় রাখতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোসহ মাঠের আন্দোলনেও তাদের সক্রিয় ভূমিকায় দেখতে চাইছে দলটি। সেজন্য সমমনাদের সঙ্গে দলটি ধারাবাহিক বৈঠক শুরু করেছে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণের জন্য। নির্বাচনের পর আনুষ্ঠানিক এই সিরিজ বৈঠকে শরিকদের থেকে প্রাপ্ত মতামতগুলো দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার পরিকল্পনা করছে বিএনপি। নির্বাচনের আগে ইসলামী দলগুলোর সঙ্গে আন্দোলনে সমন্বয়হীনতা দেখা গেলেও নির্বাচনের পরে অনেকটাই দূরত্ব কমেছে বলে জানা গেছে। ফলে আগামী দিনে তারা রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকতে চায়।

আগামী দিনে আন্দোলন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিএনপির এক নীতিনির্ধারক বলেন, ‘মানুষের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই, সরকারের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে, সে জন্য জনগণের সমস্যা গুরুত্ব পাচ্ছে না, ক্ষমতায় টিকে থাকলেই হলো। একটা গোত্র তৈরি করেছে সরকার, যারা তাদের ক্ষমতায় রাখবে।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী বেশ কিছুদিন নতুন কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকতে দেখা যাবে বিএনপি’র অঙ্গ সংগঠনকে। দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠন ছাত্রদলও সারা দেশে জেলায় জেলায় কর্মিসভা শুরু করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দলও। অন্য অঙ্গ সংগঠনগুলো নতুন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখতে চায় বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com