• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

দ্রুত ন্যায় নিশ্চিতে গ্রাম আদালতের জনপ্রিয়তা বেড়েছে’

প্রকাশ: বুধবার, ১৫ জুন, ২০২২ ১০:১০
আপডেট: বুধবার, ১৫ জুন, ২০২২ ১০:১০

93658 11

দ্রুত ন্যায় নিশ্চিতে গ্রাম আদালতের জনপ্রিয়তা বেড়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট

ন্যায় বিচার নিশ্চিত ও মানুষের আস্থা বাড়াতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (১৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার বিভাগ আয়োজিত গ্রাম আদালতের প্রভাব এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এ তথ্য জানান।

কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মলয় চক্রবর্তী, মিজ স্মৃতি কর্মকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের গ্রাম আদালতগুলোতে আড়াই লাখের বেশি মামলা দায়ের হয়েছিল। যার মধ্যে দুই লাখের বেশি নিষ্পত্তি হয়েছে। গ্রাম আদালত গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত ন্যায় নিশ্চিত করায় বর্তমানে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

মো. তাজুল ইসলাম আরও বলেন, গ্রহণযোগ্যতা বাড়ায় তথ্যানুযায়ী প্রায় ১২ হাজার মামলা জেলা জজ কোর্ট থেকে গ্রাম আদালতে অর্পণ করা হয়েছে।

মন্ত্রী জানান, গ্রামের মানুষ জমি-জমাসহ ছোট বিষয়েও মামলা করে থাকেন। এসব মামলা নিষ্পত্তি করতে গিয়ে অনেক অর্থ ও সময় নষ্ট হয়। তারা হয়রানিরও শিকার হয়ে থাকেন। দেশের মানুষের কাছে গ্রাম আদালত আস্থা অর্জন করেছে বলেই দ্বিতীয় পর্যায় শেষে এখন তৃতীয় পর্যায়ে শুরুর অপেক্ষায় রয়েছে এই প্রকল্পটি।

মন্ত্রী ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়নকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।

তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আসার পর থেকে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোসহ সব খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

কুমিল্লা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচনে যে পক্ষই জয়ী হোক, আমরা স্বাগত জানাব। শেখ হাসিনার সরকার কোনো দল-মত দেখে উন্নয়ন কাজ করেন না। উন্নয়ন কাজ হয় দেশ ও দেশের মানুষের জন্য। অতএব যেই জয়ী হয়ে আসুক কুমিল্লা সিটির উন্নয়ন অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com