জনতার আওয়াজ ডেস্ক
সড়কে দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সড়কে দুর্ঘটনা রোধ করতে দফায় দফায় মিটিং হয়। যদি এতে কোনো ফলাফল না আসে অর্থাৎ দুর্ঘটনা কমানো না গেলে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।
সেতুমন্ত্রী বলেন, এবারের কোরবানির ঈদের সাত দিন আগেই সড়ক মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুরের সাতটি ফ্লাইওভার চালু করা হয়েছে। এতে যানজট কমেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়। ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়। এটা খোঁজ সিয়ে দেখতে হবে, কিভাবে নিরসন করা যায় সেটাও দেখতে হবে।
কাদের আরও বলেন, এবারে ঈদযাত্রায় রাজধানীর প্রবেশপথগুলো নজরদারিতে রাখতে হবে। লক্করঝক্কর গাড়ি রং দিয়ে লাভ নাই, ফিটনেস আছে কিনা তা দেখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। ভালো গাড়ি তারা চালায় না। এজন্য সিটি করপোরেশন ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করা দরকার।












