• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উচ্চবংশীয় গরু-ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখছে দেশবাসী : সিপিবি

প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪ ১০:৩৮
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ১০:৩৮

988896 3

উচ্চবংশীয় গরু-ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখছে দেশবাসী : সিপিবি

জনতার আওয়াজ ডেস্ক
দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙলে দুর্নীতির ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলেছেন, উচ্চবংশীয় গরু-ছাগলের সাথে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা পাচ্ছে দেশবাসী।

বুধবার (২৬ জুন) ‘দুর্নীতি হটাও, দেশ বাঁচাও’- এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সমাজের ‘উচ্চ বংশীয়দের’ সাথে যোগাযোগের মধ্য দিয়ে এবং তাদের ছত্রছায়াতেই এই অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙতে পারলে দুর্নীতির এই ধারা অব্যাহত থাকবে। মাঝেমধ্যে টোটকা ওষুধ দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখানো হবে। কিন্তু লুটপাটের পথ বন্ধ না করতে পারলে লুটপাটকারী ও লুটপাটের ধারা বন্ধ করা যাবে না। তিনি লুটপাটকারী ও টাকা পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন।

সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার, কাজী রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, ডা. ফজলুর রহমান, অনিরুদ্ধ দাশ অঞ্জন, লুনা নূর, সাদেকুর রহমান শামীম, নিমাই গাঙ্গুলী, আবিদ হোসেন, রাগিব আহসান মুন্না, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, জাহিদ হোসেন খান প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স ঋণখেলাপিদের তালিকা প্রকাশ ও কাদের প্রশ্রয়ে এই ঋণ অনুমোদন করা হয়েছিল তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তিনি কালো টাকা সাদা করার অনৈতিক সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান।

সমাবেশে নেতারা আরও বলেন, সরকারি দলের নেতারা এ অবস্থায় বেসামাল কথা বলছেন, আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতির নামে প্রকারান্তরে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

নেতারা আরও বলেন, সরকার ভারত সফর করে এসে উচ্ছ্বাস প্রকাশ করছে। আর চীন সফর নিয়েও উচ্ছ্বসিত দেখাচ্ছে। অথচ ভারত সফরে আমাদের দেশের স্বার্থে ঝুলে থাকা, ৫৪টি নদীর পানি সমস্যা, তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা, অসম বাণিজ্য নিয়ে কোনো সুখবর নেই। অথচ একতরফা রেলের জন্য করিডোর দেওয়াসহ তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ভারতের টেকনিক্যাল টিম পাঠানোর কথা মেনে নেওয়া হলো যা দেশবাসী গ্রহণ করেনি।

সমাবেশ থেকে আগামী ৬ জুলাই দেশের সকল উপজেলা থানায় দুর্নীতিবিরোধী সমাবেশ-বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২ জুলাই বাম গণতান্ত্রিক জোট আহূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com