• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

হয় কোটা বাতিল করুন, নয় শতভাগ করে দিন

প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৯:১৬
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৯:১৬

988888569

হয় কোটা বাতিল করুন, নয় শতভাগ করে দিন

জনতার আওয়াজ ডেস্ক
দেশে কোটা প্রথার বিলুপ্তি না চাইলে সর্বস্তরে শতভাগ কোটা চালু করে দেওয়ার আহ্বান জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। তারা বলেন, কোটা মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের বৈষম্য, আমরা সরকারকে আহ্বান করব, অবিলম্বে কোটা প্রথা বিলুপ্ত ঘোষণা করুন, অন্যথায় দেশে শতভাগ কোটা পদ্ধতি চালু করে দিন।

সোমবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে সাত কলেজে শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন বক্তারা এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজের সমন্বয়ক মো. রাকিব হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটি রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সব নাগরিকসহ আমরা তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেকেই সেই আদর্শ ধারণ করি। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরা সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ আবারও শুরু করেছি। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে।

তিনি বলেন, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিক। শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাবে। আর যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা ঘরে ফিরব না।

আন্দোলনে অংশ নেওয়া রফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমাদের যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব। পূর্ব কর্মসূচি অনুযায়ী আমরা আজ সায়েন্সল্যাবে জড়ো হয়েছি। পরবর্তী কর্মসূচি যা দেওয়া হবে, আমরা সে অনুযায়ী পালন করব।

এর আগে বিকেল ৩টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ’ ব্যানারে ঢাকা কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর সিটি কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধ চলাকালীন বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো দেখা গেছে। কেউ কেউ মাথায় ‘কোটামুক্ত দেশ চাই’ এমন ফিতাও বেঁধে রেখেছেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে লেখা ফ্যাস্টুনে ‘বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘কোটাসহ সব বৈষম্য নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com