• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনেকে এরশাদকে মুছে ফেলতে চাইছে : রওশন এরশাদ

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৮:৪৪
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৮:৪৪

9888569

অনেকে এরশাদকে মুছে ফেলতে চাইছে : রওশন এরশাদ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদান মুছতে অনেকেই তৎপর বলে মন্তব্য করেছেন বর্তমান দলের একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

রোববার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তার স্ত্রী রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেছেন, ‘আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ নেতাকর্মীদের কত ভালোবাসতেন এবং কত আদর করতেন। আপনারা কি কেউ তাকে ভুলতে পারবেন? অথচ অনেকে আছেন-যারা জাতীয় পার্টির পরিচয় দিয়েও এরশাদকে মুছে ফেলতে চাইছেন। বিগত নির্বাচনে পল্লীবন্ধুর নাম মুখে নেয়া হয়নি। নির্বাচনী ইশতেহারে পল্লীবন্ধুর ছবিটা পর্যন্ত রাখা হয়নি।’

তিনি বলেন, ‘এরশাদকে যারা ভালোবাসে তারা তা মানতে পারেনি। তাই যেখানে একক নির্বাচনে জাতীয় পার্টি ১৮ শতাংশ ভোট পেয়েছিলো সেখানে এবার মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছে। তাও জাতীয় পার্টির ভোট নয়-ওটা ছিল সমঝোতার ভোট।’

এরশাদপত্মী বলেন, ‘আমরা এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টিকে শেষ হয়ে যেতে দিতে পারি না। জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বিধা-বিভক্তি হতে দেব না। তাহলে পল্লীবন্ধুর আত্মা কষ্ট পাবে। আমরা সবাই পল্লীবন্ধু এরশাদের প্রবর্তিত শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।’

সাবেক বিরোধী দলীয় এ নেতা বলেন, ‘দেশে এখন নানাবিধ সমস্যা বিরাজ করছে। ছাত্র-শিক্ষকরা আন্দোলন করছেন। দেশে বেকার সমস্যা বেড়েই চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এদিকে দেশে ভয়াবহ বন্যায় মানুষের দুর্গতি বেড়েই যাচ্ছে। দেশের এই পরিস্থিতির মধ্যে পল্লীবন্ধু এরশাদ বেঁচে থাকলে তিনি বসে থাকতে পারতেন না। তিনি বন্যাদুর্গত মানুষের কাছে ছুটে যেতেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি দেশের সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছেন। কিন্তু সমাধানের পদক্ষেপ গুলো যথার্থ নয়। ছাত্র-শিক্ষকদের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিৎ ছিল আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। সরকার সেটা এখনো করতে পারে।’

স্মরণসভায় জাপা রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মো: মামুনূর রশিদ, আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বিএলডিপির চেয়ারম্যান নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com