• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাসহ ঢাকায় গ্রেফতার ১৭৫৮

প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ১০:১৭
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ১০:১৭

985896 36

বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাসহ ঢাকায় গ্রেফতার ১৭৫৮

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানী ঢাকায় ১৫৪ মামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকায় গ্রেফতার করা হয়েছে ৬০১ জনকে। এখন পর্যন্ত ঢাকায় মোট গ্রেফতার এক হাজার ৭৫৮ জন। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত-বিএনপির নেতাকর্মী।
ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘ডিএমপির ৫০ থানায় ১৫৪ মামলায় আজ বুধবার পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাশকতাকারীদের হামলায় ডিএমপির ভবন, গাড়ি ও যন্ত্রপাতি ধ্বংসের ঘটনায় ৬১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপি সূত্রে জানা গেছে, সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি নিপুন রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

আরও রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপির কোষাধক্ষ্য রাশেদু্জ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সামিউল হক ফারুকী অন্যতম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com