জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। তিনি পালানোর চেষ্টা করছিলেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় ও টাকার অঙ্ক জানা যায়নি।
বুধবার (৭ আগস্ট) বিকেলে ডিবি অফিসে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অভিযানে যায় সেনাবাহিনী।
অভিযানে অংশ নেওয়া ছাত্র-জনতার ধারণা, ডিবি অফিসে গুম সেল আছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতেই তারা ডিবি অফিসের সামনে অবস্থান নেন। অভিযানে এর সত্যতাও পাওয়া গেছে।
একটি সূত্র জানিয়েছে, ডিবি অফিসে বিভিন্ন গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে টর্চার সেল ও বিশ্রাম করার কক্ষ আছে।
এদিকে, ডিবি কার্যালয়ে কোন প্রশাসনিক বা ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, যাদের অবৈধভাবে ধরে আনা হতো, তাদের মুক্তিপণ হিসেবে এসব টাকা নেওয়া হয়েছে। এছাড়াও, এতে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া টাকা আত্মসাতের উদ্দেশ্যে সরকারি কোষাগারে জমা না দিয়ে এখানে রাখা হতো।

