জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর শ্যামপুর থানার ৫১ এবং ৫৪ নং ওয়ার্ড থেকে দেশীয় ও বিদেশী অস্ত্রসহ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে জনতা। পরে তাদের অস্ত্রসহ যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের এই দুই কর্মীকে আটক করা হয়।
শ্যামপুর-কদমতলী থানার বিএনপির সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর শ্যামপুর থানার ৫১ এবং ৫৪ নং ওয়ার্ড থেকে কিছু দেশীয় অস্ত্র এবং একটি রিভলবারসহ স্থানীয় আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তাদের গণপিটুনি দেয়। আমি ঘটনাস্থলে পৌঁছে তাদের উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করি।
তিনি আরও বলেন, বিষয়টি আমি শ্যামপুর থানাকে অবহিত করলে ওসি অস্ত্র জমা নেয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করে। পরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসারের সাথে যোগাযোগ করলে তারা যাত্রাবাড়ী থানায় অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়।













