জনতার আওয়াজ ডেস্ক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব বলেছেন, ‘মন্দিরে হামলার নাটক সাজিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করা হচ্ছে। সেই সাথে সংখ্যালঘুদের উস্কে দিয়ে সম্প্রীতির বন্ধন নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে এখনো ছাত্র-জনতা জাগ্রত আছে। দেশের প্রকৃত সংস্কার না করে ছাত্ররা ঘরে ফিরবে না।
বুধবার (১৪ আগষ্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ১৫ বছরে ‘খুন, গুম ও মামলা দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। সেই ত্রাসের রাজত্ব ভেঙে দেওয়ার মহানায়ক হিসেবে বাংলার মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন রংপুরের আবু সাঈদ।
তিনি আরো বলেন, ‘শত শত শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের রাজনৈতিক পথ রচনা করবে এবং যার সুফল ভোগ করবে গোটা দেশের মানুষ।’ আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি।
প্রসঙ্গত, নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে।

