• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশকে বদলে দিয়ে ইতিহাস তৈরি করব আমরা: মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৯:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৯:২৭

বাংলাদেশকে বদলে দিয়ে ইতিহাস তৈরি করব আমরা: মান্না

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করব বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই, যেখানে জনগণের অধিকার যাতে কোনো শাসক স্বৈরাচার দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজের ভোটের অধিকার পায় এবং জনগণ সব ক্ষমতার মালিক হয় আমরা সে অবস্থা তৈরি করতে চাই।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাবো। যাতে গ্রামের মানুষ কষ্ট করে আর শহরে আসতে না হয়। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে বিচার পাই সে ব্যবস্থা করতে হবে। এ সবকিছু করার জন্য নতুন করে ঢেলে সাজাতে হবে। এদেশকে নতুন একটা দেশে পরিণত করতে হবে।

তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করেনি। মানুষ আগে চিন্তা করতো শেখ হাসিনা যাবে কিনা। কিন্তু, মাত্র পাঁচ দিনের মধ্যে সরকার হাওয়ায় মিশে গেছে। আবু সাইদের এমন কৃতিত্বপূর্ণ কাজ দেখে কোটি কোটি মানুষ আবু সাইদের মতো হতে চেয়েছিল। সবাই পুলিশের সামনে বুক পেতে দিয়েছে। এরপরে শেখ হাসিনা শত ষড়যন্ত্র করেও ক্ষমতায় থাকতে পারেনি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা সবেমাত্র প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছি। এই রাষ্ট্র হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। মানুষ মনের ভাব প্রকাশ করবে। মানুষ পছন্দের দলকে ভোট দিতে পারবে।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা আরও বলেন, হিন্দুদের উসকে দেওয়া হচ্ছে। ভারত বলছে এক কোটি মানুষ নাকি ভারতে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। ভারতের রাজনৈতিক নেতারা এবং মিডিয়া এসব ভুল কথাবার্তা বলছে।

তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান,জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।