• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনার বিচার দাবিতে ৩ মাসব্যাপী কর্মসূচি খেলাফত মজলিসের

প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১১:১৪
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ১১:১৪

শেখ হাসিনার বিচার দাবিতে ৩ মাসব্যাপী কর্মসূচি খেলাফত মজলিসের

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তিন মাসব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আগামী ২৩ আগস্ট থেকে রাজধানীসহ দেশব্যাপী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরে দলটি।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আবদুল হাফিজ খসরু প্রমুখ।

দাবিগুলো হলো- বিগত সময়ে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডসহ সব খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার; গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার; আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সবকিছু ঢেলে সাজিয়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার; অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন; শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং শিক্ষাব্যবস্থা সংস্কার; গ্রেপ্তার সব ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-ওলামা ও সাধারণ মানুষকে নিঃশর্ত মুক্তি; বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদ পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত কার্যকর এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা; নতজানু পররাষ্ট্রনীতি পরিহার; আরব আমিরাত ও সৌদি আবরসহ বিভিন্ন দেশে ছাত্র আন্দোলনের সমর্থনে আটক প্রবাসীদের দ্রুত মুক্তির উদ্যোগ ও তাদের পরিবারকে নিয়মিত মাসিক আর্থিক সহযোগিতা প্রদান; অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু; সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পেশাগত কোনো কাজে হামলার ঘটনা প্রতিরোধ করা, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিং; অর্থনীতি পুনরুদ্ধারে দুর্নীতি দমন, ব্যাংকঋণ সহজীকরণ এবং রপ্তানিমুখী গার্মেন্টশিল্পকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা।

সভাপতির বক্তব্যে আব্দুল বাছিত আজাদ বলেন, ছাত্র-জনতার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল তৈরির নানা অপচেষ্টায় লিপ্ত। ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা মোকাবিলা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনৈতিক দলগুলোকে বয়কট করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com