• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢামেকে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১২
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১২

ঢামেকে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছেন জরুরি বিভাগের চিকিৎসকরা। এ ঘটনায় জরুরি বিভাগের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এমন চিত্র দেখা গেছে।

এদিন সকাল থেকেই কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা। বন্ধ রয়েছে সব ধরনের রোগের চিকিৎসা সেবা। ফলে চিকিৎসা না পেয়ে জরুরি বিভাগের সামনে জড়ো হয়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা।

এর আগে, শনিবার (৩১ আগস্ট) রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এঘটনায় দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

ওইদিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।

পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। দোষীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিচারের দাবি জানান। অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। পরে আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা।

এ ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন তারা।