জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকার দেশে বিভিন্ন সংস্কারে হাত দিয়েছে। এর মধ্যে আর্থিক খাতেও বিপুল সংস্কার প্রয়োজন। কারণ এই খাতে দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের মুখে রয়েছে। আর এই খাত সংস্কারে সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান। ১০০ কোটি ডলারের মধ্যে পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।
ঋণটি পেতে বাংলাদেশকে তিনটি শর্ত পালন করতে হবে। সেগুলো হলো-
১. বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন।
২. আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ।
৩. নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করা।
এদিকে, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়া হবে বলে জানান ঢাকায় সফররত ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।












