• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৮
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৮

স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
রাসুল (সা.) আমাদের প্রকৃত মডেল। তাই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তথা জীবনের সব ক্ষেত্রেই তার সিরাত ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে আমাদের মুক্তি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘কোরআন ও ইসলামী জ্ঞান’ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জীবনের সকল ক্ষেত্রে রাসুল (সা.) আমাদের প্রকৃত আদর্শ ও মানদণ্ড। মানবজীবনের এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান ইসলামে নেই। মূলত, রাসুল (সা.) এর জীবন ছিল ঘটনাবহুল এবং চড়াই-উতরাইয়ে পরিপূর্ণ। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধানে রাসুল (সা.) এর সিরাত অধ্যয়ন ও তা যথাযথভাবে অনুসরণ করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমাদের দেশে রাসুল (সা.) এর প্রকৃত সিরাত জানতে দেওয়া হয় না। একটি কুচক্রীমহল রাসুল (সা.) জীবনাদর্শ ও সিরাতকে বিভক্ত করে ফেলেছে। তারা তার ব্যক্তিগত জীবন, ইবাদত বন্দেগি এবং সমাজ-রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের প্রচষ্টাকে আলাদা করেছে। অথচ রাসুল (সা.) এর আদর্শের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনসহ সকল সমস্যার সমাধান দিয়েছেন। মূলত, দেশের শিক্ষা কারিকুলামে রাসুল (সা.) এর সিরাত অন্তর্ভুক্ত করা গেলে দেশ থেকে মানবরচিত সব মতবাদের অপমৃত্যু ঘটবে এবং ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলাম মানেই শান্তি। যেখানে ইসলাম নেই সেখানে জুলুম-নির্যাতনসহ নানাবিধ অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে। জঙ্গিবাদের উত্থান ঘটে। আর দোষ চাপানো হয় ইসলাম ও ইসলামী আদর্শ অনুসারীদের ওপর। মূলত, মানবরচিত কোনো মতবাদই মানুষের জন্য কল্যাণকর নয়। কারণ, মানুষের তৈরি মতবাদ কখনো নির্ভুল হবে না। তাই কোনো মুসলমানের মানবরচিত মতবাদ সহ্য করার কোনো সুযোগ নেই। বস্তুত অহীর বিধানই নির্ভুল বিধান। রাসূল (সা.) অহির বিধান দিয়েই একটি ন্যায়-ইনসাফপূর্ণ কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু আমরা এমন এক কপাল পোড়া জাতি যে, আমাদের কোনো সরকারই অহির বিধান দিয়ে দেশ পরিচালনা করেনি। তারা ইসলামকে মসজিদ ও মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ফলে আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রেই আমাদেরকে রাসূল (সা.) এর সিরাত অনুসরণ করতে হবে। তিনি অহীর বিধানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রাসুল (সা.) জীবনই সর্বোত্তম জীবনাদর্শ। আল্লাহ তা’য়ালা তাকে উত্তম বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে বিশ্বমানবতার মুক্তির দূত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাই এই অশান্ত পৃথিবীতের শান্তির বাতাস বইয়ে দিতে আমাদেরকে রাসুল (সা.) এর অনুসৃত নীতি অনুসরণ করতে হবে সমাজরাষ্ট্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য অনুসরণ করতে হবে অহীর বিধান। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই দীর্ঘ পরিসরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মূলত, বিশ্বনবী (সা.)-এর আদর্শই সর্বোত্তম জীবনাদর্শ। আর পুরো কোরআনই রাসুল (সা.) এর জীবন। তাই দেশ থেকে সকল অশান্তি দূর করতে হলে ঘরে ঘরে কোরআনের দাওয়াত সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্মকে রাষ্ট্রীয়ভাবে সিরাত শেখাতে হবে। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন, ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা এ কেম এম ফিরোজ, ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

উল্লেখ্য, কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় ২০ সহস্রাধিক ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ বিভিন্ন ইভেন অংশ গ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ২১৮ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ১৮ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com