জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করলে তাকে কারাগারে যেতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন,’বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি বলে তাকে কারাগারে যেতে হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। খালেদা জিয়া আপোষ করলে তাকে কারাগারে যেতে হতো না, তাকে মৃত্যুর মুখোমুখি হতে হতো না। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমার উপর যতই নিপীড়ন নির্যাতন চালানো হোক না কেন আমি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করবো না।
সোমবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শান্তি ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট সালাম বলেন,’আমরা দেশকে আর বিভাজন করতে চাই না। দেশের মধ্যে হিন্দু-মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাই না। আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এক বাঙালি জাতি হিসেবে মরতে চাই। আমাদের নেতা তারেক রহমান আহ্বান করেছেন দেশের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন বৈষম্য থাকবে না একটা মাত্র জাতি থাকবে সেটা হল বাংলাদেশি। আমাদের প্রত্যেকের উৎসবমূলক অনুষ্ঠান আমরা একসাথে এক কাতারে করবো।
তিনি বলেন,’আগামী দিনের দুর্গাপূজায় আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। শুধু পূজায় নয় সামাজিক যে কোন বিষয়ে আমরা হিন্দু, মুসলমান সকলে এক সাথে হয়ে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবো।
বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন,’আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। আর যেন এ দেশের ছাত্র সমাজকে রাস্তায় নামতে না হয়, আর যেন এ দেশের যুবসমাজকে রাস্তায় নামতে না হয়, আপনারা দেখেছেন জুলাই-আগস্টের বিপ্লবে কিভাবে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবারের আন্দোলন কিন্তু হিন্দু-মুসলমানদের কোন বৈষম্যের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব রিপন মল্লিক ও সঞ্চালনায় ছিলেন আমির হোসেন দোলন।











