• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কক্সবাজারে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১১
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১১

কক্সবাজারে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মৃতিতে নির্মিত স্মৃতিফলকের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান।

বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে ‘সিনহা স্মৃতিফলক’ এর উদ্বোধন করা হয়। বিজিবি কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে স্মৃতিফলকটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ জামান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে সিনহা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা আশ্বাস দেন।

কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রয়াত মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। চাকরিজীবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে দায়িত্ব পালন করেন।