জনতার আওয়াজ ডেস্ক
আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের বিয়য়টি নিশ্চয়ই সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরেন বিএনপির মহাসচিব।
সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।
এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি।
এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

