জনতার আওয়াজ ডেস্ক
গাজীপুরে কারখানায় যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টার পরে এ ঘটনা ঘটে।
নিহত চম্পা আক্তার (১৮) নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলার হাররকান্দি গ্রামের আরাফত আলীর মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় ভাড়া বাসায় থেকে কারখানায় চাকরি করতেন।
এদিকে তিন ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া শ্রমিক অসন্তোষের কারণে এদিন আশেপাশের কয়েকটি কারখানা জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, গত দুই দিন আগে মহানগরীর গাছা হারিকেন রোডে ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানায় হেলপার পদে চাকুরিতে যোগ দেন চম্পা আক্তার। মঙ্গলবার সকালে তিনি কাজে যোগ দিতে কারখানায় যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ওই কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেন পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চম্পা।
আরো জানা যায়, শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়কের উভয় পাশে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সাথে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও অংশ নেয়। অবরোধের সময় কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এদিকে শ্রমিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের কয়েকটি কারখানা জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।
এছাড়া অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পথচারীদের।
জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় বেলা ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কের ওপর থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’













