স্টাফ করেসপন্ডেন্ট
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হ্যাকিং করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে জাকের পার্টির সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, ইভিএম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ইভিএম হ্যাকিং করা কোনোভাবেই সম্ভব না। কারণ, এটার সঙ্গে ইন্টারনেটের সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি, কিন্তু বাইরে অনেক কথা চাউর আছে যে হ্যাকিং হতে পারে, এটাতে ভোট কারচুপি হতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি। এখনো ইভিএম নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে অপপ্রয়োগ সম্ভব না হয়। সেটা নিশ্চিত করেই আমরা সিদ্ধান্ত নেবো।
কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেই চাওয়াটা পূরণ করতে হলে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে।
সিইসি বলেন, আগামী নির্বাচনে আপনাদের পরিপূর্ণ সহায়তা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ নির্বাচনের মাঠে নিয়ন্ত্রণ করতে হলে সব দলের ওখানে থাকতে হবে।
সিইসি বলেন, সবাই যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনে একটা ভারসাম্য সৃষ্টি হয়। তখন আমাদের কাজ কমে যায়। আমার আবেদন থাকবে আপনারা আপনারাই ভারসাম্য সৃষ্টি করেন।
সিইসি আরও বলেন, যারা তরুণ তাদের একটু উদ্দীপ্ত করবেন। অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাধীনভাবে একটা অনুকূল পরিবেশে। এটা মাঝে মাঝে বিতর্কিত হয়ে যায়। পরিবেশটা যদি আমরা অনুকূল করতে পারি, তাহলে যারা ভোটার তারা নিরাপদে আস্থা নিয়ে ভোট দিতে পারেন।
সিইসি আরো বলেন, আপনাদের বক্তব্য আমাদের বিবেচনাধীন থাকবে। কমিশন আইন, বিধির আলোকে পরিচালিত হবে। আমরা এর বাইরে যেতে পারবো না। আমাদের সকলের আন্তরিক সহযোগিতা, প্রয়াস থাকলে আমার সংসদ নির্বাচনের কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবো।

