• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যে গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, তা আজও বাধাগ্রস্ত’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৭:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৭:৩৪

 

জনতার আওয়াজ ডেস্ক
যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৯ মে) রমনার ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি জানান, খুব শীঘ্রই বাংলাদেশকে আমরা গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

খালেদা জিয়া বলেন, প্রতিবছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে নিয়ে আসে এক বেদনাবিধুর স্মৃতি। এই দিনটি শুধু আমাদের পরিবার নয়, গোটা দেশই হয়ে উঠেছিল শোকার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিএনপি চেয়ারপারসন বলেন, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি এই দেশের সঙ্গে নিজের নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সৎ, সাহসী ও দূরদর্শী এবং প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন, নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম