• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পথসভা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে নুর, অতঃপর…

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৭:৪৬
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ৭:৪৬

 

ছবি: প্রতিনিধি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
অবরুদ্ধ স্থলে তিন দিন পর আবারও পথসভা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার (১৬ জুন) বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে এ পথসভাটি করেন তিনি।

জানা যায়, পথসভা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন নুরুল হক নূর। এ সময় দুই দলের নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় গণ অধিকার পরিষদ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের বের করে দেওয়ার জন্য জোর দাবি জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে নুর ও বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে বাহাসের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, ‘আপনারা যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, আমরা দেখেছি। কিন্তু আপনাদের এখানে যারা লিডারশিপ দেন তাদের মধ্যে বেশ ত্রুটি আছে।

এরা বিএনপির অফিস ভাঙছে, তারা ছাত্রলীগ-যুবলীগ হয়ে ২০২৩ সালে আমাদের বিনএনপির অফিস ভাঙছে। এখন তারা আপনার দলে জয়েন করছে।’
এ সময় সাবেক ভিপি নুর বলেন, ‘এসআই সাক্ষী, ছবি ও ভিডিও দেবেন, বিএনপির অফিস ভাঙার লোক যদি আমাদের দলে থাকে ভিডিও-ছবি দেখে আমরা তাদের বহিষ্কার করব।’

হুমায়ুন বলেন, ‘আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।

আপনাদের নেতৃবৃন্দদের বলে দেবেন তারা যেন অন্য দলের নেতাদের সম্মান দেন। আপনি একটি দলের নেতা, আপনার সম্মান আমাদের কাছে থাকবে।’
এ সময় হুমায়ুন কবির তার ব্যক্তিগত পুকুর কাটার বিষয় উল্লেখ করে বলেন, ‘ওই সম্পত্তি আমার বাপ-দাদার এ সম্পত্তি। এওয়াজ বদলের সম্পত্তি। একেকটা ঘটনা একেকটা ঘটনার জন্ম দেয়।

একদিন আমাদের দুই পাশের মানুষ নিয়ে মিটিং চলছিল। ওই মিটিংয়ের মধ্য দিয়ে আপনাদের এক কর্মী মোটরসাইকেল চালিয়ে যায়। একটু একটু করতে করতে বড় কিছুর সৃষ্টি হয়। আপনি আপনার দলকে বলেন, আপনার সঙ্গে আমাদের বিরোধ নেই।’

বিএনপির অন্য এক সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনি এখান থেকে যাচ্ছিলেন আমরাই আপনাকে সালাম দিয়েছি এবং আপনাকে অফিসে বসার দাওয়াত দিয়েছি। এখন আসেন অফিসে বসেন।’

এর পরই অন্য একজনকে বলতে শোনা যায়, ‘আপনি বলেন আওয়ামী লীগের তালিকা আমরা দেব।’ এর প্রেক্ষিতে ভিপি নুর বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সারা দেশের নেতাকর্মীদের আমাদের এই নির্দেশনা দেওয়া।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম