• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবৈধ পুশিং নয়; হাসিনাকে পুশ করেন, ভারতকে দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ২:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ২:৫৪

96326

অবৈধ পুশিং নয়; হাসিনাকে পুশ করেন, ভারতকে দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত প্রতিদিন হাজার হাজার ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকদেরকে বাংলাদেশে পুশ করছে অভিযোগ করে ভারতের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নিজের দেশের নাগরিকদেরকে অবৈধ পুশিং নয়, স্বৈরাচার হাসিনা যাকে অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকে পুশ করেন।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়। বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরকেও পুশ করেন।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ-পঞ্চান্ন বছর ধরে ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ আমরা পাইনি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নাই। পানি চুক্তিও নাই। ভারত ৫০ বছর ধরে চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন যে বাংলায় কথা বলে তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আপনার দেশের নাগরিকদের পুশ না করে বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদেরকে পুশ করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে তাকে আপনারা আদর আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন আর আপনার নাগরিককে পুশ করবেন এটা ঠিক না। অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করেন, তাহলে বুঝব একটা ভালো কাজ করেছেন। তাকে আপনার দেশে রেখে দেবেন আর আপনার দেশের নাগরিকদের কে পুশ করবেন এটা মেনে নেওয়া যায় না।

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, যদি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীদের, বাংলাদেশের টাকা লুটপাটকারীদের ফেরত না পাঠান তাহলে ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা ভাবার কোন কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার জেগে উঠলে ভারতের এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না।

সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এবং ভারত যে অন্যায় করছে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েলসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com