জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সাইফ উদ্দিনসহ ২০ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রবাসী ২০ জন বাংলাদেশির পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বিশ্বের ১২৬টি দেশ তাদের প্রবাসে অবস্থানরত নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ দেয় উল্লেখ করে নোটিশে বলা হয়, বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশ্বের প্রায় ১৭৬টি দেশে বাংলাদেশিরা বসবাস করছেন। রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।
ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। এটি সংবিধানস্বীকৃত। একজন নাগরিকের অবস্থানের সাময়িক পরিবর্তন সংবিধান স্বীকৃত অধিকার ক্ষুণ্ন করতে পারে না।












