ছবি প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সহযোগিতায় ‘হেল্প ডেস্ক’ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর জেলা ও শহর শাখা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষার্থীদের মাঝে কলম, পানি, মাস্ক ও টিস্যু বিতরণ করে সংগঠনটি।
এ কার্যক্রম লক্ষ্মীপুর শহরের পাশাপাশি রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে থানা ও কলেজ শাখার উদ্যোগে পরিচালিত হয়। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও স্বস্তি দিতে নেওয়া এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।
জেলা শিবির সভাপতি আব্দুর রহমান চৌধুরী জানান, আমরা জেলা ব্যাপী এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু করেছি। শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের সামনে প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষা সামগ্রী দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে।
পরীক্ষার্থীদের মধ্য থেকে আল-আমীন নামের এক শিক্ষার্থী জানান, পরীক্ষাকেন্দ্রে এসে হেল্প ডেস্কের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে খুব ভালো লাগছে। পরীক্ষার আগ মুহূর্তে এমন সহানুভূতিশীল উদ্যোগ অনেক আত্মবিশ্বাস বাড়ায়। ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ছাত্রশিবির নেতাকর্মীরা জানান, এই হেল্প ডেস্ক কার্যক্রম চলতি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।












