• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারের গোপন ইচ্ছা হলো পাঁচ বছর ক্ষমতা থাকা: মেজর হাফিজ

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:৪৬
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের গোপন ইচ্ছা হলো পাঁচ বছর ক্ষমতা থাকা: মেজর হাফিজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন,‘ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।

বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের গোপন ইচ্ছা হলো পাঁচ বছর ক্ষমতা থাকা।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে।

তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি হলো কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে না, দলীয় প্রতীকে ভোট দেবে। অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না তারা চায় পিআর পদ্ধতি। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে।
একজন মানুষের গুণাগুণ বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কি না সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটাই বিএনপির দাবি।’

তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরো ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজখবর নিচ্ছে না। তাদের মূল্যায়নও করতে পারেনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে, আর আমরা তা মেনে নেব।’

লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুসুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com