• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নির্ধারণ করবে শিক্ষার্থীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৩:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৩:৫৭

9666632 1

রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নির্ধারণ করবে শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, নতুন বাংলাদেশে তোমরা নিজেদের আপন স্বকীয়তায় উপস্থাপন করবে; রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, তা তোমরা নির্ধারণ করবে। বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৫’ গ্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গত ১৭ বছর আমরা নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম ফ্যাসিবাদী সরকারের কাছে, যারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল। গুম, খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল দেশ। এ থেকে পরিত্রাণ তোমরাই দিয়েছ। ছাত্র-জনতার এ অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না। আমাদের মাঝে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য দেন সিকৃবির ভিসি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ. দা) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বয়স ৫৪ বছর হলেও আক্ষরিক অর্থে দেশ এগোয়নি। দেশকে এগিয়ে নিতে আজকের শিক্ষার্থীদের জুলাই ২৪-এর মতো ভূমিকা রাখতে হবে।

ভিসি বলেন, সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগতি সাধন করছে। সিকৃবিকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের মেলে ধরবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্লোবাল নলেজ বাড়ানোর জন্য বিশ্ব আঙ্গিকে লাইব্রেরিকে উপযুক্ত করা হবে, যা গবেষণার কাজকে আরও ত্বরান্বিত করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com