জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে রোমে যাওয়ার সময় বিমানের এক যাত্রীর লাগেজে রাখা ১১টি কাঁচা ইলিশ মাছ পচে যাওয়ায় বিপাকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুর্গন্ধ ছড়ানোয় ফিরতি ফ্লাইট আটকে দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এই ঘটনা জানিয়ে ঢাকায় বিমানের সদর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। চিঠিতে যাত্রী ও লাগেজ গ্রহণে বিমানের সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় আরও কয়েকজন যাত্রী রান্না করা খাবার লাগেজে করে রোম নিয়ে যান। এসব খাবার থেকে তেল গড়িয়ে রোম বিমানবন্দরের বেল্টে পড়ে। এরপর বিমানের ব্যাগেজ কনটেইনার পরিষ্কার বা জীবাণুমুক্ত করেন তারা। এরপরই উড়োজাহাজটি আকাশে উড়ার অনুমতি পায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ওই দিন রোমের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমানের বিজি-৩৫৫ ফ্লাইটটি অবতরণ করে। যাত্রী ব্যাগেজ দেওয়ার সময় ১০ নম্বর লাগেজ বেল্টে অসংখ্য তেলাপোকা, পোকামাকড় ও তীব্র দুর্গন্ধ পায় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে রোম বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাগেজ ডেলিভারি স্থগিত করে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি দল জীবাণুনাশক কার্যক্রম শুরু করে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্লেনের ব্যাগেজ কনেটইনার পোকামাকড় মুক্ত করে।
এদিকে ওই দিনই রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি-৩৫৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানের উড়োজাহাজটির ব্যাগেজ কনটেইনার জীবাণুমুক্ত করতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। এ সময় পর্যন্ত উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে দেয়নি তারা। পরে সব কাজ শেষ করে রাত সোয়া ১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতর আটকে ছিলেন।

