• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বাধীনতার বিপক্ষে থেকেও কেউ স্বাধীনতা অস্বীকার করেনি: সালাহউদ্দিন

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৭:১৬
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৭:১৬

স্বাধীনতার বিপক্ষে থেকেও কেউ স্বাধীনতা অস্বীকার করেনি: সালাহউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম উৎসাহ বাংলাদেশে কেউ দেখায়নি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিতে আজ পর্যন্ত আমরা দেখিনি।’

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ভাষা কোনো ন্যাশনকে গঠিত করে না, কোনো একক কালচার কোনো ন্যাশনকে গঠিত করে না, কোনো একক ধর্ম কোনো ন্যাশনকে গঠিত করে না। ন্যাশন গড়তে সকল ভাষাভাষী, সকল ধর্মের, সকল সংস্কৃতির জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠী প্রয়োজন।’

তিনি বলেন, ‘সকল মানুষকে সিটিজেন হিসেবে বলতে ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃজাতিগোষ্ঠী, উপজাতি এবং আদিবাসী সকল সত্তাকে বাংলাদেশি হতে হবে। একটি ঐক্যবদ্ধ ন্যাশন তৈরি করার জন্য এবং সেই ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা ৭১-এর পরে ২৪ শে আবার রক্তদান করেছি।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা আমরা দেখেছি। স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য, রাজনীতিকরণ হয়েছে। চেতনা বিক্রি করতে করতে দেশে এত বেশি বিভক্তি সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। তাদের মধ্যে কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম উৎসাহ বাংলাদেশে কেউ দেখায়নি।’

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে এই ধরণের বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে পারি না। ৫৪ বছর পরেও এটা কেউ কামনা করতে পারে না। আমাদের উদ্দেশ্য এবং প্রত্যাশা ২৪ এর ছাত্রজনতার প্রত্যাশা — শহীদের রক্তের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাবো এবং এই জাতিই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে, যেখানে বৈষম্য থাকবে না, থাকবে সাম্য, থাকবে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ, সরকার ব্যবস্থা গঠন যার মাধ্যমে আমাদের রাজনৈতিক মুক্তি ঘটবে। সেই লক্ষ্যে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে বাংলাদেশের সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসেবে একসাথে থাকতে পারি। আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সবাইকে সিটিজেন হিসেবে পরিচয় দেবো এবং সেই পরিচয় আমরা নিতে পারব। এটাকেই ধারণ করব, সেটাই হবে আমাদের মূল ভিত্তি। আমাদের উদ্দেশ্য হবে ন্যাশনকে এগিয়ে নেওয়া।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com