• ঢাকা, বাংলাদেশ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • khoborsheersha@gmail.com
  • +44 (7444) 088415

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চলছে, নিয়ম-কানুন জানালেন সিইসি

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৪:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৪:৪৭

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চলছে, নিয়ম-কানুন জানালেন সিইসি

শীর্ষ খবর ডেস্ক

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টার পর ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটগ্রহণের পদ্ধতি ও নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।

এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কর্নেল (অব.) অলি আহমদ, বিরোধীদলীয় নেতা এবং সরকার ও বিরোধী জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণ শুরুর আগে সিইসি বলেন, ‘সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’তিনি জানান, বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রথম প্রার্থী ড. অলি আহমদ। তার প্রস্তাবক বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য শফিকুর রহমান এবং সমর্থক সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন। দ্বিতীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রস্তাবক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে সিইসি বলেন, ‘সহায়ক কর্মকর্তারা প্রত্যেক সংসদ সদস্যের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালট গ্রহণের আগে সংশ্লিষ্ট সদস্যকে ব্যালটের মুড়িতে নিজের নাম মুদ্রিত আছে কি না, তা নিশ্চিত হতে হবে।’

ব্যালট পেপারে বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী দুই প্রার্থীর নাম মুদ্রিত থাকবে। পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে ভোটারকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর ব্যালটটি নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

সিইসি জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন, তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। পরে ফলাফল সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১০(১) উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ সদস্যদের প্রদত্ত ভোটের ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোট দেওয়ার পর এবং ভোট গণনার সময় সংসদ সদস্যরা চাইলে অধিবেশন কক্ষে অবস্থান করতে পারবেন।’

নির্বাচন পরিচালনায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা সংসদ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান সিইসি।

সবশেষে তিনি বলেন, ‘আসুন, আমরা ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি।’

এরপর বেলা ২টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ । প্রকাশকঃ সায়েক এম রহমান তালুকদার ।
প্রকাশকঃ রাশেদুর রহমান (রাকেশ) । প্রকাশকঃ দেলোয়ার হোসেন আহাদ

রাজশাহী অফিস: রুম-১৪০৫(লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: khoborsheersha@gmail.com, মোবাইল: +44 (7444) 088415