• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১০:৫৪
আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১০:৫৪

 

বিশেষ প্রতিনিধি
ছবি : সংগৃহিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনও ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, ইনশাআল্লাহ। সবাইকে সর্তক থাকতে হবে।

রবিবার (৩১ আগস্ট) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি তু্লে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।

তারেক রহমান বলেন, প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে। আজ জনগণ নিজেরাই লক্ষ করতে শুরু করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো কোনো রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই শর্ত আরোপের মাধ্যমে নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং পরিকল্পিতভাবে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে বহু মানুষ ভাবতে শুরু করেছেন।

বিএনপি সব সময় দ্রুততম সময়ে একটি নির্বাচনের দাবি জানিয়ে এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কারণ বিএনপি বিশ্বাস করে, আগে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়া প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে; যা গণতান্ত্রিক বিশ্বে স্বাভাবিক প্রক্রিয়া।

সভায় সভাপতির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম