• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০

নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ‘EDGE Digital Skills Training Program-2025’ এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের নীচ তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অন্যান্য উপকরণ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে অদক্ষ থেকে দক্ষ এবং দক্ষ থেকে অতি দক্ষ জনশক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো এই ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের জিডিপি বৃদ্ধি করা এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

তিনি আরও বলেন, এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বিপুল সংখ্যক তরুণ ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগকে আহ্বান জানান, যাতে ত্রিশাল ও ময়মনসিংহের মানুষও এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হতে পারে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল। সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলী।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাসে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ল্যাবে ২৯টি ব্যাচে মোট ৭২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা মাইক্রোসফট অফিস প্যাকেজ, পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের উপর বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যে ২১ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। গত মাসে প্রথম ৮ ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র ও একটি ব্যাগ, খাতা এবং কলম প্রদান করা হয়।