• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মাহির বিরুদ্ধে প্রযোজকের ‘গুরুতর’ অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ২:৩৪
আপডেট: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ২:৩৪

মাহির বিরুদ্ধে প্রযোজকের ‘গুরুতর’ অভিযোগ

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ করেছেন সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস। মাহি সিনেমাটির শুটিংয়ের সময়ে খারাপ আচরণ করেছেন বলে সংবাদ সম্মেলন করে উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন এই প্রযোজক। সিনেমাটির স্বার্থে এতদিন সব মুখ বুঝে সহ্য করেছেন বলে জানান জেনিফার।

আগামী ১৯ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক। এ সময় সিনেমাটির প্রযোজক জেনিফার, পরিচালক মানিক, ঝন্টুসহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। তবে হাজির ছিলেন না মাহি-রোশান। সিনেমাটির নায়ক-নায়িকা উপস্থিত না থাকার কারণ জানতে চান সাংবাদিকরা।

শুটিংয়ের সময়ে খারাপ আচরণ করেছেন মাহি, তা উল্লেখ করে জেনিফার বলেন, করোনার সময়ে শুটিং করা কতটা কঠিন ছিল তা আপনারা সবাই জানেন। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। ওই সময়ে শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।

শুটিং বয়কে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে জেনিফার বলেন, আমার সিনেমার নায়িকা সম্ভবত নারকেল তেল চেয়েছিল। ওই সময়ে ছেলেটি আমার মাথায় ছাতা ধরেছিল। যার কারণে নায়িকাকে তেল দিতে দেরি হয়। এতে মাহি বেঁকে বসে। ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দিই।

এ বিষয়ে মাহির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? এ প্রশ্নের উত্তরে এই প্রযোজক বলেন, সিনেমার শুটিং শেষ করাটা জরুরি ছিল; এজন্য যারা সেটে উল্টাপাল্টা করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। বরং সিনেমার স্বার্থে সবকিছু মেনে নিয়েছি। কাউকে নালিশ করিনি; এখনো নালিশ করছি না। আপনারা প্রসঙ্গটি সামনে আনার কারণে কথাগুলো বলছি।

এ সময় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুকে প্রশ্ন করা হয়—আপনার সিনেমায় নায়িকা এমন ঘটনা ঘটালে আপনি কী করতেন? জবাবে ঝন্টু বলেন, নায়িকাকে ঘাড় ধরে বের করে দিতাম। প্রোডাকশন বয়কে না সরালে শট দিবে না, এতই সোজা! আমার মনে হয়, প্রোডাকশন বয় আর নায়িকা তার অবস্থান সমান মনে করে।

এবারই প্রথম নয়, এর আগেও অনেক প্রযোজক-পরিচালক বিভিন্ন সময়ে মাহির বিরুদ্ধে অভিযোগ এনেছে। ২০১৯ সালে ‘অবতার’ সিনেমার পরিচালক মাহমুদ হাসান শিকদার মাহির বিরুদ্ধে ‘টাকা হাতিয়ে’ নেয়া সহ নানা ধরনের অভিযোগ করেন। শুটিংয়ে মাহি ১০ জনের টিম নিয়ে যেতেন। যার খরচ বহন করতে হতো প্রযোজককে।

এ ছাড়াও প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জেমী মাহির বিরুদ্ধে নানা অভিযোগ এনে নায়িকাকে ‘বস্তির মেয়েদের’ সঙ্গে তুলনা করে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন।

তার আগে ২০১৮ সালে ‘ও মাই লাভ’ সিনেমার পরিচালক আবুল কালাম আজাদ মাহির বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন পরিচালক সমিতিতে। এর প্রেক্ষিতে সাবেক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক সহ চলচ্চিত্রের কয়েকজনের উপস্থিতে বিষয়টির সমাধান হয়। অতীতে ফিরে গেলে মাহির বিরুদ্ধে এমন আরও অনেক অভিযোগ পাওয়া যাবে।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’ সিনেমাটি। পরিচালক মানিক জানান, সিনেমায় সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপ।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্ত, শিশুশিল্পী জেনিলিয়া, আরিয়ান সহ আরো অনেকে। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com