জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক শীর্ষ ছিনতাইকারী, স্থানীয়ভাবে পরিচিত পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশের রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহিন ছিনতাইয়ের উদ্দেশ্যে সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পুলিশের দ্রুত অভিযানেই তাকে গ্রেপ্তার করা হয়।
শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও জারি ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

