জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রাকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারেন, তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাননি।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে মিলন বলেন, তিনি গত ২৫ অক্টোবর ব্যাংককে চিকিৎসা অসম্পূর্ণ রেখে বিএনপির বৈঠকে অংশগ্রহণের জন্য ঢাকায় ফিরে আসেন। পরে ৩০ অক্টোবর পুনরায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যাত্রা করার সময় ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারেন, তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মিলন আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। কখনো কোনো ষড়যন্ত্র বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হননি। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থা বা বিভাগ ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না এবং দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও মানবিক অধিকার রক্ষা নিশ্চিত করবে।
তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিএনপি নেতারা, ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গসহ তার পরিবারের ওপর বিদেশভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে নির্যাতন চালানো হতো।












