জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ এখন সংকটময় এক মুহূর্তে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। ভোটের দায়িত্বে নিয়োজিতদের ভূমিকার ওপরও নির্ভর করছে দেশের গতিপথ।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন সিইসি।
নাসির উদ্দীন বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়।’
সিইসি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। কারাবন্দী ও প্রবাসী ভোটারদের জন্য এবার অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নির্বাচনে আনসার সদস্যদের বিশাল ভূমিকা থাকবে জানিয়ে নাসির উদ্দীন বলেন, সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। এর বাইরে গিয়ে কাজ করতে হবে।
এআইয়ের অপব্যবহার করে সামাজিক মাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সিইসি নাসির উদ্দীন।













