• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যত ক্ষমতাধরই হোক উড়ে এসে জুড়ে বসা কাউকে মানব না : অসীম

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:৩৯
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:৩৯

যত ক্ষমতাধরই হোক উড়ে এসে জুড়ে বসা কাউকে মানব না : অসীম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যত ক্ষমতাধরই হোক উড়ে এসে জুড়ে বসা কাউকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ধানের শীষে ভোট চেয়ে রাজধানীর কলাবাগান থানায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। বিকেল ৪টায় হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

গণসংযোগে ব্যারিস্টার অসীম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু আজ দেখা যাচ্ছে, সেই আন্দোলনের দু’জন ছাত্র উপদেষ্টা বর্তমান সরকারে রয়েছেন। তাদের একজন আবার রোববার ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন। তার ভোটার হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষ উদ্দেশ্যে নিজের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় প্রকল্প বরাদ্দ দিয়ে জনগণের মন জয় করার চেষ্টা-এটা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ‘আমরা এই এলাকার জনগণ, সাধারণ ভোটার—সবাই ঐক্যবদ্ধ। উড়ে এসে জুড়ে বসা কাউকে আমরা জনপ্রতিনিধি হিসেবে মেনে নেব না, সে যত ক্ষমতাধরই হোক। সরকারে থেকে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করবেন, আবার নির্বাচনে অংশ নেবেন—এই দ্বিচারিতা চলবে না। কারো নির্বাচনের খায়েশ থাকলে অনতিবিলম্বে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। তারপর জনগণই নির্ধারণ করবে তাদের প্রতিনিধি কে হবেন।’

বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরো অভিযোগ করেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই এখন বৈষম্য শুরু করেছেন। ঢাকা সিটি করপোরেশনের বিশেষ দু’টি আসন টার্গেট করে নিজ মন্ত্রণালয় থেকে ইচ্ছেমতো প্রকল্প বরাদ্দ দেয়া-এতে প্রমাণিত হয় তাদের কাছে ক্ষমতায় থাকা আর ক্ষমতায় ফেরাই মূল লক্ষ্য। নীতি-নৈতিকতার কোনো জায়গা নেই। জনগণ এই অনিয়ম মানবে না।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com