শরীয়তপুর প্রতিনিধি
সংগৃহীত ছবি
শরীয়তপুরে পুলিশের অভিযানে রিভলভারসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পালং মডেল থানা পুলিশ।
আটকরা হলেন ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার আব্দুল খানের ছেলে উজ্জল খান (৩৫) এবং দশমনতারা এলাকার মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪১)।
পুলিশ জানায়, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সোমবার গভীর রাতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের পাকা রাস্তায় একটি যৌথ চেকপোস্ট পরিচালিত হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তল্লাশিতে উজ্জল খানের কোমর থেকে একটি ৩২ বোরের ছয় চেম্বার বিশিষ্ট রিভলভার উদ্ধার করা হয়। পরে উজ্জল ও সুমনকে আটক করা হয়।
তাদের ব্যবহৃত লাল কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করায় আমরা তাদের তল্লাশি করি। তল্লাশির সময় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।













