দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবারও হাসপাতালে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
সকাল থেকেই বিভিন্ন সূত্রের দিয়ে খবর আসে যে বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে যেকোনো সময় হসপিটালে নেয়া হতে পারে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম খুব ভালো আছেন। তার প্রতিটি টেস্টের রিপোর্ট ভালো। টেস্টে কোনো সমস্যা নেই। হাসপাতাল থেকে সবশেষ বাসায় আসার পর এমন কিছু হয়নি যে এই মুহুর্তে হাসপাতালে যেতে হবে। মূলত হচ্ছে অসুস্থতার মধ্যে তিনি সুস্থ আছেন। আপনারা কোথায় কী শুনেছেন, কীভাবে এটা ছড়ানো হলো বুঝতে পারলাম না।’
অবশ্য এটা ছড়ানোর কারণ আছে যে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকায় সফরে এসে গুম খুন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, তাই একটা ইস্যুকে অন্য ইস্যুতে নিয়ে যাওয়া।মূলত বিভ্রান্ত সৃষ্টি করতেই এটা করা হয়েছে, যোগ করেন তিনি।
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

