• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাবার জীবিত থাকার প্রমাণ চাইলেন ইমরান খানের ছেলে কাসিম

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৪:০২
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৪:০২

বাবার জীবিত থাকার প্রমাণ চাইলেন ইমরান খানের ছেলে কাসিম

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন’ অবস্থায় রাখা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান। এক্স–এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার জীবিত থাকার কোনও প্রমাণও পাওয়া যাচ্ছে না।

কাসিম জানান, ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাবন্দি রয়েছেন এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একক বন্দিত্বে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সাক্ষাৎ অধিকার অস্বীকার করা হয়েছে। তার ভাষায়, ‘কোনও ফোন কল হয়নি, কোনও দেখা হয়নি, জীবিত থাকার কোনও প্রমাণও পাওয়া যায়নি।’

সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক হয়ে ওঠা ইমরান খান নানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ও দুই ছেলে কাসিম এবং সুলাইমান দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছেন এবং পাকিস্তানের রাজনীতি থেকে দূরে রয়েছেন।

কাসিম অভিযোগ করেন, এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে ইমরানের ক্ষেত্রে পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে। তিনি সতর্ক করে বলেন, ইমরানের নিরাপত্তা বিষয়ে যে কোনও ঘটনার জন্য পাকিস্তান সরকার ও তাদের ‘হ্যান্ডলাররা’ আইনগত, নৈতিক ও আন্তর্জাতিকভাবে দায়ী থাকবে।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে কাসিম লেখেন, ‘জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন, অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তির দাবি তুলুন।’